এক দশক পর মালি থেকে সরছে ফরাসি সেনা

প্রায় এক দশক পর আফ্রিকার দেশ মালি থেকে ফ্রান্স এবং এর আফ্রিকান ও ইউরোপিয়ান মিত্রদের সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। খবর বিবিসির।

২০১৩ সালে ফরাসি সেনারা দেশটিতে ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন। গতকাল বৃহস্পতিবার ফ্রান্স ও এর মিত্রদের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ক্ষমতাসীন সামরিক সরকারের ‘একাধিক বাধা’ তথা মালিতে কাজ করার জন্য শর্তগুলো এখন আর কার্যকর নয়। ফলে সেখানে তারা আর সেনা অভিযান চালাবেন না। তবে মালিতে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করতে রাজি নন ম্যাক্রোঁ। তিনি আরও বলেন, ‘আমরা ডি-ফ্যাক্টো কর্র্তৃপক্ষের সঙ্গে সামরিকভাবে জড়িত থাকতে পারি না, যারা নিজেদের কৌশল ও গোপন লক্ষ্য ভাগাভাগি করে না।’

মালি ও পশ্চিম আফ্রিকায় চালানো সন্ত্রাসবাদবিরোধী অভিযানে অংশ নিয়ে এখন পর্যন্ত ফ্রান্স এবং তার মিত্র দেশগুলোর ৫৩ সেনাসদস্যের প্রাণ গেছে। কেবল মালিতেই প্রাণ হারিয়েছেন ৪৮ জন।

সেনা প্রত্যাহারের পরিকল্পনার কথা জানালেও ফরাসি প্রেসিডেন্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।