রাজবাড়ী সদর উপজেলার খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি এলএসডি) বিরুদ্ধে চাল কম দেওয়ার অভিযোগে মামলা করেছেন একজন ডিলার। গত বুধবার বিকেলে রাজবাড়ী ১নং আমলি আদালতে মামলাটি করেন সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মনোয়ার হোসেন।
মামলায় রাজবাড়ী সদর উপজেলার খাদ্যগুমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেনকে এক নম্বর ও নিরাপত্তা প্রহরী আলমগীর হোসেন এবং শ্রমিক সরদার শামসু রহমানকে দুই ও তিন নম্বর আসামি করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী স্বপন কুমার সোম জানান, আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছে পিবিআইকে। আগামী ১৬ জুন মামলার পরবর্তী তারিখ।
মামলা সূত্রে জানা যায়, বাদী মনোয়ার হোসেন সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির একজন ডিলার। তিনি সরকারি নির্দেশনা মোতাবেক ১৫ মেট্রিক টন করে চাল খাদ্যগুদাম থেকে সংগ্রহ করে ১০ টাকা কেজি দরে বিক্রি করে থাকেন। কিন্তু প্রতিবার গুদাম থেকে উত্তোলনের সময় মামলার আসামিরা চাল কম দিয়ে থাকেন। মামলায় উল্লেখ করা হয়েছে আসামিরা প্রতিমণে ১০ কেজি করে চাল কম দেন। অভিযুক্ত খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেন বলেন, তিনি কেন আমার বিরুদ্ধে মামলা করলেন জানি না।