বিএনপি সত্যিকারের রাজনৈতিক দল হলে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় অংশ নিতো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে শুক্রবার সকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, নির্বাচনী প্রক্রিয়াকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য যত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার সব করেছে আওয়ামী লীগ সরকার। স্বাধীনতার ৫০ বছরে এই প্রথম নির্বাচন কমিশন গঠনের জন্য যেই আইনটি প্রয়োজন ছিল সেটি প্রণীত হলো।
আরও বলেন, নির্বাচন কমিশনকে স্বাধীন করার জন্যে, প্রধানমন্ত্রী দপ্তরের অধীনতা থেকে স্বাধীন করার জন্য, আর্থিক স্বাধীনতার জন্য সব কিছু করেছে শেখ হাসিনা সরকার। তার আগে ২০০৭-০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকা প্রনয়ণ, জাতীয় পরিচয়পত্র, স্বচ্ছ ব্যালট বাক্সসহ পুরো নির্বাচনী প্রক্রিয়াকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য যত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার সব করেছে আওয়ামী লীগ সরকার। কিন্তু বিএনপি জামায়াত ক্ষমতায় থাকাকালীন সময়ে নিরপেক্ষ নির্বাচনতো দূরে থাক ১ কোটি ৩০ লাখ ভূয়া ভোটার সম্বলিত ভোটার তালিকা তৈরি করেছিল।
দীপু মনি বলেন, নির্বাচন পরিচালনায় একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে। সেখানে রাজনৈতিক দলসহ সমাজের বিশিষ্ট মানুষ আছেন তাদের সবার মতামতের ভিত্তিতে একটি নির্বাচন কমিশন গঠন করতে যাচ্ছে। এই সময়ে বিএনপি যতি সত্যি একটি রাজনৈতিক দল হতো, তবে বিএনপির উচিৎ ছিল এই প্রক্রিয়াতে সম্পৃক্ত হয়ে সেখানে অংশগ্রহণ করা। আবার তারা বলছেন, তারা নাম দিচ্ছেন না, কিন্তু এই বিশিষ্ট্য ব্যক্তিদের তালিকায় এমন নাম আছে যারা সরাসরি বিএনপির সাথে উপদেষ্টাসহ নানাভাবে জড়িত রয়েছে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসন ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী ফাহিম ইকবাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজসহ বিভিন্ন জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।