বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে একই দিন দুটি ভিন্ন ম্যাচে মাঠে নেমেছিল দুই ঐতিহ্যবাহী দল আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। জয় পেয়েছে দুই দলই। আবাহনী জয়ের সুবাদে ওঠে গেছে টেবিলের শীর্ষ।
রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় শুক্রবার শেখ রাসেল ক্রীড়া চক্রকে ৩-১ গোলে হারায় আবাহনী। অন্যদিকে মুন্সিগঞ্জে সাইফ স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারায় মোহামেডান।
বসুন্ধরা কিংসের সঙ্গে শেখ রাসেলেরও হোম ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনা। যেখানে নিজেদের প্রথম ম্যাচটা কিংসের মতো রাঙাতে পারেনি শেখ রাসেল। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও বিরতির পর তিন গোল আদায় করে আবাহনী। গোল করেন জুয়েল রানা, মিলাদ শেখ সুলেমানি ও নাবীব নেওয়াজ জীবন।
২-০ তে পিছিয়ে পড়ার পর শেখ রাসেলের পক্ষে ব্যবধান কমিয়েছিলেন পর্তুগিজ ফরোয়ার্ড ইসমায়েল রুতি। কিন্তু পরে আরো এক গোল হজমে ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিকেরা। আবাহনী ফিরেছে পূর্ণ পয়েন্ট নিয়ে।
চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে আসরের রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন আবাহনী। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আগের দিন যারা পুলিশ এফসিকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের ঘরের মাঠের অভিষেক রাঙিয়েছে। চার ম্যাচে শেখ রাসেলের পয়েন্ট ৫।
এদিকে সাইফকে হারানো মোহামেডানের ৪ ম্যাচে পয়েন্ট হলো ৮। টানা দ্বিতীয় হারের স্বাদ পাওয়া সাইফের পয়েন্ট ৬।
মোহামেডানের পক্ষে এদিন গোল দুটি করেছেন সুলেমানে দিয়াবাতে ও শাহরিয়ার ইমন। আগের ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ১-১ ড্র করেছিল মোহামেডান। অর্থাৎ এদিন জয়ে ফিরল তারা।