ইডেনে ‘থ্রিলার’ জিতে সিরিজ ভারতের

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৮ রানে হারিয়েছে ভারত। সুবাদে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজও জিতে নিয়েছে দলটি।

ইডেন গার্ডেন্সে শুক্রবার ১৮৭ রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ এগোচ্ছিল দারুণভাবে। তবে নার্ভ ধরে রেখে ভারতীয় বোলাররা জয় আদায় করে নিয়েছে। বলা বলে ‘থ্রিলার’ জিতেছে স্বাগতিকেরা।

টস হেরে ব্যাট করতে নেমে ভারত ৫ উইকেটে ১৮৬ রানের পুঁজি গড়ে। বিরাট কোহলি ৪১ বলে ৫২, রিশভ পন্ত ২৮ বলে অপরাজিত ৫২ ও ভেঙ্কটেশ আইয়ার ১৮ বলে ৩৩ রান করেন। উইন্ডিজের পক্ষে রোস্টন চেজ সর্বাধিক ৩ উইকেট নেন, ২৫ রান খরচায়।

লক্ষ্য তাড়া করতে নেমে নিকোলাস পুরান ৪১ বলে ৬২ ও রোভমান পাওয়েল ৩৬ বলে অপরাজিত ৬৮ রানের ইনিংস উপহার দেন। এরপরও ২০ ওভারে ১৭৮ রানে থামে ক্যারিবীয়দের ইনিংস।

শেষ তিন ওভারে ৮ উইকেট হাতে নিয়ে ৩৭ রান দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু হার্শাল প্যাটেল, ভুবনেশ্বর কুমাররা তা সম্ভব করতে দেননি।

শেষ ওভারের তৃতীয় ও চতুর্থ বলে পর পর দুই ছক্কায় রোমাঞ্চ জাগান পাওয়েল। তবে শেষ পর্যন্ত পেরে ওঠেননি তিনি।

ম্যাচসেরা হয়েছেন রিশভ পন্ত। একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে রবিবার।

এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।