‘জীবন্ত জীবাশ্ম’ ৭ রাজ কাঁকড়া সমুদ্রে অবমুক্ত

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ৭ টি রাজ কাঁকড়া অবমুক্ত করা হয়েছে। শনিবার ভোর ছয়টার দিকে সৈকত সংলগ্ন ভারানির খালে জেলেদের পাতা একটি জাল থেকে রক্তাক্ত অবস্থায় এই কাঁকড়াগুলো উদ্ধার করে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ডফিস।

পরে, প্রাথমিক চিকিৎসা শেষে সৈকতের ঝাউবাগান এলাকা সংলগ্ন সাগরে দুপুর আড়াইটার দিকে কাঁকড়াগুলো অবমুক্ত করা হয়।

ওয়ার্ল্ডফিসের জীব বৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি জানান, সকালে একটি গবেষণার কাজে গঙ্গামতি এলাকায় যাওয়ার পথে এসব কাঁকড়া উদ্ধার করা হয়। চিকিৎসা বিজ্ঞানে এটি একটি মূল্যবান সম্পদ। ৪৫ কোটি বছর আগে বিবর্তিত হয়ে এত দিন প্রায় অবিকৃত চেহারায় থেকে যাওয়ায় এদের জীবন্ত জীবাশ্ম বলা হয়।