নাটোরে আ. লীগ সম্মেলন: শিমুল-রমজান গ্রুপের সংঘর্ষ

নাটোর জেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্য এবং উপজেলা চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার সন্ধ্যার দিকে নাটোর সার্কিট হাউসে অতিথিদের অভ্যর্থনা দেওয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে নাটোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু, প্রচার সম্পাদক মশিউর রহমান, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীর নাফিউল ইসলাম অন্তরসহ দুই গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছেন।

আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ গিয়ে নেতা-কর্মীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আগামীকাল রবিবার নাটোর জেলা আওয়ামী লীগের দীর্ঘ সাত বছর পর সম্মেলনে কেন্দ্রীয় নেতারা স্থানীয় সার্কিট হাউসে আসার কথা শুনে দুপুর থেকেই স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান গ্রুপের নেতা-কর্মীরা সার্কিট হাউসে অবস্থান নেন। একপর্যায়ে সন্ধ্যার দিকে সার্কিট হাউসে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে।

এ সময় সার্কিট হাউসে অবস্থান করছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রোকেয়া, সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, শফিকুল ইসলাম শিমুল।

সংঘর্ষের জন্য নাটোরে সদর আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও নাটোর সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান একে অপরকে দায়ী করেছেন।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।