বগুড়ায় ছাত্রলীগ নেতা তাকবির হত্যার আসামি গ্রেপ্তার

বগুড়ায় ছাত্রলীগ নেতা তাকবির হত্যার সঙ্গে জড়িত পারভেজ আল মামুন ওরফে মুক্তাদির (২১) নামের এক যুবককে প্রায় এক বছর পর গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তার হেফাজত থেকে একটি কাটা রাইফেল ও ২টি চাকু উদ্ধার করা হয়।

রবিবার দুপুরে বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার মুক্তাদির শিবগঞ্জ উপজেলার চাকলমা মুন্সিপাড়ার ফজলে মাবুদ শাহীনের ছেলে এবং বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের ছাত্র। তিনি শহরের পুরান বগুড়া এলাকায় তাসিন ছাত্রাবাসে থেকে লেখাপড়া করতেন।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইহান ওলিউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ডিবি পুলিশের একটি দল তাসিন ছাত্রবাসে অভিযান চালিয়ে মুক্তাদিরকে গ্রেপ্তার করে।

এ সময় তার স্বীকারোক্তি অনুযায়ী তার কক্ষের সিলিংয়ের উপর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ম্যাগজিনযুক্ত সচল কাটা রাইফেল, ২টি অত্যাধুনিক বার্মিজ চাকু ও ২টি এসএস পাইপ উদ্ধার করা হয়।

ডিবির পরিদর্শক আরও জানান, গত বছরের ১৩ মার্চ রাত ৯টার দিকে বগুড়া শহরের সাতমাথায় জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তাকবির ইসলাম খানকে কুপিয়ে জখম করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ মার্চ তাকবির মারা যান। ওই মামলার প্রধান আসামি ছিলেন ছাত্রলীগ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শাখার সাধারণ সম্পাদক আব্দুর রউফ। মামলাটি ডিবি পুলিশ তদন্তকালে আব্দুর রউফের সহযোগী আল আমিনকে গ্রেপ্তার করা হয়।

আল আমিন আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে ওই হামলায় মুক্তাদিরের জড়িত থাকার বিষয়টি উল্লেখ করে। এরপর থেকেই ডিবি পুলিশ মুক্তাদিরকে গ্রেপ্তারের জন্য খুঁজছিল।

গ্রেপ্তারের পর মুক্তাদির ডিবি পুলিশকে জানান, তাকবির হত্যার পর থেকে তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকেন। কিছুদিন আগে তিনি বগুড়ায় এসে আবারও তাসিন ছাত্রাবাসে ওঠেন।