চট্টগ্রাম কাস্টম হাউসের বৈদেশিক ডাকে আসা একটি চালান থেকে দুটি এইটএমএম পিস্তল ও ৬০ কার্তুজ বুলেট উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা। একই চালানে আরও দুটি এইটএমএম সদৃশ খেলনা পিস্তল উদ্ধার করা হয়।
রবিবার দুপুরে কাস্টমস কর্মকর্তারা গৃহস্থালী পণ্যের নামে আসা একটি কার্টন খুলে এসব অস্ত্র জব্দ করেন।
একই চালানে আরও দুটি এইটএমএম সদৃশ খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে বলেও জানান কাস্টমসের উপ কমিশনার মোহাম্মদ সালাহউদ্দিন রেজভী।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চালানটি কায়িক পরীক্ষা করে বিশেষভাবে লুকানো অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়। চালানটিতে ড্রিল মেশিন, কাচের গ্লাস, সাবান, চকোলেটসহ বিভিন্ন গৃহস্থালি পণ্য ছিল।
তিনি আরও বলেন, চারটি পিস্তলের মধ্যে দুটি পিস্তল প্লাস্টিকের তৈরি হওয়ায় খেলনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।
কাস্টমসের নথি অনুযায়ী, চালানটি এসেছে ইতালির রোম থেকে। এই চালানটি পাঠিয়েছেন রাজীব বড়ুয়া নামের এক বাংলাদেশি প্রবাসী। চালানটি চট্টগ্রামের সিজিএস কলোনির কামরুল হাসান নামে এক ব্যক্তির ঠিকানায় এসেছে।
কাস্টমস কমিশনার মোহাম্মদ ফখরুল আলম বলেন, অস্ত্রগুলো পুলিশের কাছে হস্তান্তর করার পাশাপাশি প্রাপক ও প্রেরকের বিরুদ্ধে বন্দর থানায় ফৌজদারি মামলার প্রস্তুতি চলছে।