ঝালকাঠি জেলা বিএনপির কার্যালয়ে ছাত্রলীগ-যুবলীগের ‘হামলা’

পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে ঝালকাঠি সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এ সময় যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মীরা জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করে বলে অভিযোগ করেন বিএনপির নেতারা।

রবিবার বেলা ১১টায় শহরের মধ্যচাঁদকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনপি সূত্রে জানা যায়, সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন বেলা ১১টায় জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বিলকিস জাহান শিরিন।

জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন অভিযোগ করে বলেন, ‘সম্মেলন শুরু হওয়ার আগেই পুলিশ গিয়ে উপস্থিত নেতা কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। খবর পেয়ে যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা সম্মেলনস্থলে গিয়ে জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর চালায়। এতে পণ্ড হয়ে যায় সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন।’

ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির বলেন, ‘যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবসের কর্মসূচি নিয়ে ব্যস্ত। বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে অফিস ভাঙচুর হয়েছে।’

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, ‘ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা পুলিশের সহায়তায় হামলা করে বিএনপির অফিস ভাঙচুর করেছে। আমাদের নেতা কর্মীদের পিটিয়ে আহত করেছে। বিএনপি রাজপথে থেকেই এ সরকারের মোকাবিলা করবে।’

ঝালকাঠি থানার ওসি খলিলুর রহমান বলেন, ‘সদর উপজেলা বিএনপির সম্মেলন করার জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি। এর পরেও তারা কার্যালয়ে আসলে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে। কারা কার্যালয় ভাঙচুর করেছে, তা পুলিশের জানা নেই।’