প্রতিবছরের মতো এবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশের টিভি চ্যানেলগুলোতে সারা দিন প্রচার হবে বিশেষ অনুষ্ঠান
বিটিভি
বিটিভিতে সন্ধ্যা ৭টায় প্রচার হবে ভাষার গানের অনুষ্ঠান ‘আমার বর্ণমালা’। গেয়েছেন মমতাজ, রফিকুল আলম, আবিদা পারভীন, আঁখি আলমগীর, লিজা, কোনাল, ইউসুফসহ আরও কয়েকজন শিল্পী।
বাংলাভিশন
ভাষা, দেশ ও প্রেমের কবিতা আবৃত্তি নিয়ে সাজানো ‘আগুন রঙের দিন’ অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করবেন শারমিন লাকী ও তার দল, শিমুল মুস্তাফা, শাকিলা মতিন মৃদুলা প্রমুখ। প্রচার হবে সকাল ১০টা ১০ মিনিটে।
এনটিভি
আজ রাত ৯.৩০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘গহীনের আলো’। মনি হায়দারের রচনায় নাটকটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন হাসান রেজাউল। আবুল হায়াত অভিনয় করেছেন ভাষা আন্দোলনের নায়ক মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ চরিত্রে। আরও আছেন নাঈম, অর্ষা, সাবিহা জামান, রেজা খন্দকার প্রমুখ।
বৈশাখী টিভি
রাত ৮টায় ‘বৈশাখীর গোল্ডেন সং’ অনুষ্ঠানে জনপ্রিয় কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী গাইবেন ভাষার গান। সকাল ৯.১০ মিনিটে থাকবে ‘জীবন থেকে নেওয়া’, আলোর মিছিল ও দেশের মাটি ছবির গান। দুপুর ১টায় ‘শুধু সিনেমার গান’ অনুষ্ঠানে দেখানোা হবে ‘এক নদী রক্ত পেরিয়ে’, ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’, ‘আমায় একটি ক্ষুদিরাম দাও’, ‘এই দেশ এই মাটি’ গানগুলো। সন্ধ্যা ৬টায় প্রচার হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘রক্ত পলাশ তপ্ত শিমুল’। অংশ নেবেন শিবলী মোহাম্মদ, শামীম আরা নীপা ও একদল নৃত্যশিল্পী। সকাল ১০.০৫ মিনিটে প্রচার হবে শাবনূর, ফেরদৌসের সিনেমা ‘জীবন সীমান্তে’, দুপুর ২টা ৪৫ মিনিটে রাজ্জাক, সুজাতা, ববিতা, রোজী সামাদ অভিনীত সিনেমা ‘আলোর মিছিল’ ও রাত ১২টায় মান্না, চম্পা, ইলিয়াস কাঞ্চনের ‘সিপাহী’। বিশেষ নাটক ‘ভাষা ও ভালোবাসা’ প্রচার হবে রাত ১০টায়। অভিনয় করেছেন জার্মানি অভিনেত্রী ইভা মজিউল, আরিফিন শুভ, বড়দা মিঠু প্রমুখ।
এটিএন বাংলা
রাত ১০.৫০ মিনিটে ‘বর্ণ-সুবর্ণ’ অনুষ্ঠানে তুলে ধরা হবে ভাষা সংগ্রামীর প্রত্যশা ও প্রাপ্তির কথা, বাংলা ভাষার বিকৃতির দায় রোধ নিয়ে কথা, সাম্প্রতিক সময়ে বাংলা সাহিত্য ও গণমাধ্যমে বাংলা ভাষার প্রয়োগ। অংশ নিয়েছেন ভাষা সংগ্রামী ও মুক্তিযোদ্ধা ব্যারিস্টার এম আমীর-উল-ইসলাম, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, বিশিষ্ট বাচিক শিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও জনপ্রিয় অভিনেতা রহমত আলী। উপস্থাপনা করেছেন কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌমিত্র শেখর।
নাগরিক টিভি
ভাষা দিবসের নাটক ‘খোকা ফিরবে’ প্রচার হবে রাত ৯টায়। রচনা করেছেন নবীন হোসেন, পরিচালনা করেছেন ইফতেখার রুমন। অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী মৌ, চিত্রলেখা গুহ, ঐশি প্রমুখ।
আরটিভি
আগামী ২১ ফেব্রুয়ারি, সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বিশেষ নাটক ‘‘দলছুট’’ রাত ৮টায় প্রচার করা হবে। রচনা : পান্থ শাহরিয়ার; পরিচালনা: আবু হায়াত মাহমুদ; অভিনয়ে: সাকিলা নূর, খায়রুল বাসার, শেখ মাহবুব প্রমুখ।