বাগেরহাটে ট্রাকের ধাক্কায় রিকশাচালকসহ নিহত ২

বাগেরহাট সদরের বৈটপুর এলাকায় ড্রাম ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

সোমবার বেলা পৌনে ১২টার সময় বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের সদর উপজেলার বৈটপুর এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে যানচলাচল স্বাভাবিক করে।

নিহতরা হলেন- বাগেরহাটের কচুয়া উপজেলার খলিশাখালী গ্রামের মিজানুর রহমান বাঘা (৫৫) এবং একই উপজেলার দোবাড়িয়া গ্রামের তৈয়বুর রহমানের ছেলে লুৎফর রহমান (৬২)। লুৎফর ছিলেন ব্যাটারিচালিত রিকশার চালক। আর মিজানুর রহমান ছিলেন যাত্রী। আহত যাত্রীর নাম রাসেল। তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. তারিকুল ইসলাম বলেন, সোমবার বেলা পৌনে বারোটার দিকে বাগেরহাট থেকে পিরোজপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি ড্রাম ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি ব্যাটারিচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় রিকশায় থাকা যাত্রী মিজানুর রাস্তার উপরে ছিটকে ড্রাম ট্রাকের নিচে পড়েন এবং চালক লুৎফর রিকশা নিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে যান। দুর্ঘটনায় রিকশা যাত্রী মিজানুর রহমান ঘটনাস্থলেই মারা যান এবং রিকশা চালক লুৎফরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রিকশার পেছনে থাকা অপর একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স নিজেকে বাঁচাতে রাস্তার পাশে খাদে নামিয়ে রক্ষা পান। দুর্ঘটনার পর বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে। ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসক ডা. মাঞ্জুরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে রিকশাচালক লুৎফর রহমানকে মৃত অবস্থায় পেয়েছি। আহত রাসেল নামে অপর একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।