লক্ষ্মীপুরের রায়পুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রায়পুরে হলরোড ও বাসস্টেশন এলাকায় এই সংঘর্ষ হয়।
আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে স্থানীয় শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে সরকারবিরোধী স্লোগান দেয় বিএনপির সমর্থকরা। একই সময় যুবলীগ নেতা তারেক আজিজ জনিসহ দলীয় কর্মীরা শহীদ মিনার থেকে ফিরছিলেন।
সরকারবিরোধী স্লোগানের প্রতিবাদ করতে গেলে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।
এতে ফয়সাল আজিম, জুম্মান, মুরাদ, ইসমাইল, নিলয় বাঙ্গালী, মিরাজ, এমরান, শিমুল, আলাউদ্দিন, সোহেল, সজিব, হৃদয়, সুমন, মুরাদ, রিয়াজ, মিরন, শান্ত, সুজন পাটওয়ারী, কাউছার, রাজীব ও সাংবাদিক এসকে সোহেলসহ উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন।
এ নিয়ে পরে হলরোড ও বাসস্টেশন এলাকায় দু’পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
রায়পুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সায়েদ জুটন বলেন, ‘হঠাৎ সন্ত্রাসী কায়দায় বিএনপি জঙ্গি মিছিল করে শান্ত পরিস্থিতিকে অশান্ত করে তোলে। তারা মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অশ্লীল ভাষায় স্লোগান দেয়। এতে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা দিলে তাদের ওপর হামলা চালায়।’
এ ঘটনায় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ১০ জন নেতাকর্মী আহত হয় দাবি করেন তিনি।
অন্যদিকে রায়পুর উপজেলা যুবদলের সভাপতি সফিকুল আলমাস বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বিএনপির ২০ জন নেতাকর্মী আহত হয়েছে। এছাড়া ব্যবসায়িকভাবে তার ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
রায়পুর পৌরসভা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র এবিএম জিলানী অভিযোগ করে বলেন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়।
রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শিপন বড়ুয়া জানান, দু’পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।