শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ (সোমবার)। ১৯৫২ সালের এই দিনে ভাষা আন্দোলনে শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাষা আন্দোলনের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা।
বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব তার ভেরিফায়েড ফেইসবুক পেজে ভাষা শহীদদের স্মরণে লিখেছেন, ‘মায়ের ভাষার জন্য অকাতরে প্রাণ বিলিয়ে দেওয়া সকল সেরা সন্তানদের প্রতি থাকল বিনম্র শ্রদ্ধা।’
জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম লিখেছেন, ‘মহান ২১ শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’
টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ শহীদ মিনারের ছবি পোস্ট করে লিখেছেন, ‘সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’
টেস্ট অধিনায়ক মুমিনুল হক শহীদ মিনারের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’
উইকেটরক্ষক-ব্যাটার ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, ‘১৯৫২ সালের ভাষা শহীদদের জানাই অসীম শ্রদ্ধা। সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’
ওয়ানডে বিশ্বকাপ খেলতে নিউজিল্যান্ডের আছেন জাতীয় দলের নারী ক্রিকেটাররা। দলের পেসার জাহানারা আলম এক পোস্ট লিখেছেন, ‘সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা। বাংলা ভাষা আমার অহংকার। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’