নারীদের তাচ্ছিল্য করে তোপের মুখে ভারতীয় ফুটবলার

ভারতের জাতীয় ফুটবল দলের সহ অধিনায়ক সন্দেশ ঝিঙ্গানের এক মন্তব্য সমালোচনার ঝড় তুলেছে।

ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) সন্দেশ ঝিঙ্গানের দল এটিকে-মোহনবাগান শনিবার কেরালার সঙ্গে ২-২ ড্র করে। এরপরই মোহনবাগানের পক্ষে এক ভিডিও বার্তায় সন্দেশ বলেন, ‘মেয়েদের সঙ্গে ম্যাচ খেলে এলাম’।

২৮ বছর বয়সী ডিফেন্ডারের এ মন্তব্য নারীদের প্রতি তাচ্ছিল্য স্পষ্ট হয়ে উঠে। পরে যদিও ক্ষমা চেয়েছেন সন্দেশ। কিন্তু তার ইনস্টাগ্রাম পেজ প্লাবিত হয়েছে প্রতিদ্বন্দ্বী ভক্তদের গালি আর ক্ষোভের বহিঃপ্রকাশে। এমনকি তার স্ত্রীকেও লক্ষ্য করা হয়েছে।

এটিকে-মোহনবাগান যে ভিডিওটি পোস্ট করেছিল, পরে সেটি সরিয়ে নেয় তারা। কিন্ত ভিডিওটি ভাইরাল হয়ে যায় তার আগেই। কেরালার সমর্থকেরা সন্দেশের এই মন্তব্যের পর ক্ষোভে ফেটে পড়েন।

প্রশ্ন উঠেছে, কেন এই ধরনের মন্তব্য করেছেন সন্দেশ? টুইটারে এই তারকা লিখেছেন, ‘দলের জন্য তিন পয়েন্ট অর্জন করতে মরিয়া ছিলাম আমরা। অথচ এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। যা অত্যন্ত যন্ত্রণার।’

‘এই ধরনের পরিস্থিতিতে উত্তেজনা থেকে অনেক কিছুই আমরা বলে ফেলি। এই ঘটনাকে সেই দৃষ্টিকোণ থেকেই দেখা উচিত।’

সন্দেশ দাবি করেছেন, ‘কেরলের ফুটবলারদের উদ্দেশে আমি কিছু বলিনি। নিজের দলের সতীর্থদেরই বলেছিলাম, জিততে না পারার জন্য কোনো অজুহাতই যথেষ্ট নয়। কেউ যদি আমার মন্তব্যে দুঃখ পান, তার জন্য ক্ষমা চাইছি।’