ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা।
অভিজ্ঞদের পাশাপাশি তরুণদের প্রাধান্য দেওয়া হয়েছে দল নির্বাচনের ক্ষেত্রে। তবে সব শেষ অস্ট্রেলিয়া সফরে পাওয়া চোটের কারণে নেই আভিষ্কা ফার্নান্দো, রমেশ মেন্ডিস ও নুয়ান থুসারা।
১৮ সদস্যের দলে নতুন মুখ অফ-স্পিনার আশিয়ান ড্যানিয়েল। ঘরোয়া আসর লিস্ট ‘এ’ ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলে ডাক পেলেন তিনি। ফিটনেস ইস্যুতে বাদ পড়েছেন ভানুকা রাজাপাকসে।
অস্ট্রেলিয়া সফরটা ভালো যায়নি শ্রীলঙ্কার। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি হেরেছে ৪-১ ব্যবধানে। এবার ভারতের মাটিতে খেলতে যাচ্ছে তারা।
উপমহাদেশের কন্ডিশন বলে শ্রীলঙ্কাও বেশ সুবিধা পাবে। তবে ভারত ঘরের মাঠে দারুণ খেলছে। সদ্যই ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে রোহিত শর্মারা।
২৪ ফেব্রুয়ারি থেকে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে শ্রীলঙ্কা। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ- ২৬ ও ২৭ ফেব্রুয়ারি। ৪ মার্চ থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।
ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল
দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুসল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, দিনেশ চান্দিমাল, দানুষ্কা গুনাথিলাকা, কামিল মিশারা, জেনিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, দুশমন্থ চামিরা, লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্দো, শিরান ফার্নান্দো, মহেশ থিকসানা, জেফরি ভ্যান্ডারসে, প্রবিন জয়াবিক্রমা ও আশিয়ান ড্যানিয়েল।