ব্রাজিলিয়ানদের ফুটবল প্রেম নিয়ে সন্দেহ নেই। কিন্তু তারা আর আগের মতো ব্রাজিল জাতীয় দলকে সমর্থন করে না। বিশেষ করে ব্রাজিলের নতুন প্রজন্মের মধ্যে জাতীয় দল নিয়ে তেমন আবেগ-উচ্ছ্বাস নেই। এই বিষয়টি নেইমারকে খুব কষ্ট দেয়।
ব্রাজিলিয়ান সুপারস্টার রোনালদোর নামে পডকাস্ট ‘ফেনেমেনোস’-এ এক আলোচনায় এ কথা বলেছেন ব্রাজিলীয় ফরোয়ার্ড, ‘এখন সেলেকাও আর সমর্থকদের মধ্যে দূরত্ব অনেক। এটা খুব দুঃখজনক যে ব্রাজিল জাতীয় দল নিয়ে নতুন প্রজন্মের কোনো আগ্রহ নেই।’ কেন এমন হচ্ছে সেটাও বুঝতে পারছেন না নেইমার। ব্রাজিলের জাতীয় ফুটবল দলের পারফরমেন্সও খারাপ নয়। ২০২২ কাতার বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে খেলার যোগ্যতা অর্জন করেছে দেশটি। বাছাইপর্বে টানা ১৫ ম্যাচে অপরাজিত তিতের দল। এমন ধারাবাহিকতার পরেও কেন নতুন প্রজন্ম মুখ ফিরিয়ে নিল তা বুঝতে পারছেন না নেইমার। তিনি বলেছেন, ‘আমি জানি না, এমনটা কীভাবে হলো। আমাদের খেলা নিয়ে লোকে এখন খুব কম কথা বলে। ব্রাজিলের খেলা এই প্রজন্মের কাছে এখন আর গুরুত্বপূর্ণ কিছু নয়। এটা মেনে নেওয়া খুব কষ্টের।’ গত বছর অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বলেছিলেন, ‘আমার মনে হয়, ২০২২-ই আমার শেষ বিশ্বকাপ।’ সাক্ষাৎকারে নেই প্রসঙ্গে নেইমার বলেছেন, ‘আমি ঠিক জানি না, মানসিক দিক থেকে আমি শক্তিশালী থাকতে পারব কি না। এ কারণেই এ বিশ্বকাপকেই নিজের শেষ বিশ্বকাপ মনে করছি আমি।’ শেষ বিশ্বকাপ বলেই হয়তো কাতারে ভালো খেলতে চান নেইমার, ‘ভালো একটি বিশ্বকাপ কাটানোর জন্য আমি সবকিছুই করব। দেশের হয়ে জিততে সর্বস্ব উজাড় করে দেব। বিশ্বকাপ জয়ের ছেলেবেলার স্বপ্নটাকে সত্যি করতে আমি সর্বাত্মক চেষ্টা করব। আশা করছি, আমি পারব।’