কুষ্টিয়ার কুমারখালীতে প্রকাশ্যে এক ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার বেলা ১১টার দিকে কুমারখালী বাসস্ট্যান্ড এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।
এ ঘটনায় জড়িত সন্দেহে ওবাইদুর রহমান জুয়েলকে (৩৩) স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক ওই যুবক কুমারখালী পৌরসভার ২নং ওয়ার্ডে কাজীপাড়ার বাসিন্দা রতনের ছেলে।
নিহত ভ্যানচালকের জাহিদুল ইসলাম (৩০)। কুষ্টিয়ার খোকসা উপজেলার সাতপাঁখিয়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানচালক জাহিদুলের সঙ্গে কথা-কাটাকাটি হয় জুয়েলের। একপর্যায়ে জুয়েল উত্তেজিত হয়ে কাছে থাকা ধারালো চুরি দিয়ে ভ্যান চালকের গলায় আঘাত করে। এতে ভ্যান চালক জাহিদুল রাস্তায় লুটিয়ে পড়েন।
এ সময় স্থানীয়রা রক্তাক্ত জখম জাহিদুলকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (ওসি) কামরুজ্জামান তালুদার বলেন, মাদকাসক্ত জুয়েলের সঙ্গে কথাকাটাকাটির জেরে ছুরিকাঘাতে জাহিদুল নামে এক ভ্যানচালককে হত্যা করা হয়েছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সেই সঙ্গে এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়দের হাতে আটক মাদকাসক্ত জুয়েলকে আটক করেছে পুলিশ।