ডিজিটাল নিরাপত্তা আইনে আটক সিপিবি নেতা মিহির জামিনে মুক্ত

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিনে কারাগার থেকে ছাড়া পেয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষসহ সাত নেতা-কর্মী।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গাইবান্ধা জেলা কারাগার থেকে মুক্তি পান তারা।

অন্য ছয় নেতা-কর্মী হলেন ছাদেকুল ইসলাম, জাহাঙ্গীর মণ্ডল, নবাব আলী, আনিছুর রহমান, বাদশা মিয়া ও আবদুল লতিফ।

গত ১৭ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে জামিন পান তারা। এর আগে ২৬ জানুয়ারি গাইবান্ধার আদালত থেকে আরেকটি মামলায় জামিন পান নেতা-কর্মীরা।

কারাগার থেকে বেরিয়ে প্রথমে সবাই গাইবান্ধা জেলা শহরের এক নম্বর রেলগেট এলাকায় দলীয় জেলা কার্যালয়ে যান। সেখানে তাদের ফুল দিয়ে বরণ করে নেন দলীয় নেতা-কর্মীসহ পরিবারের সদস্যরা।

পরে প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষসহ ছাদেকুল ইসলাম, জাহাঙ্গীর মণ্ডল, নবাব আলী, আনিছুর রহমান, বাদশা মিয়া, আবুল বাশার রিপুল ও আবদুল লতিফের ওপর দায়ের করা মিথ্যা মামলা তুলে নেওয়ার দাবিতে একটি বিক্ষোভ মিছিল জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে লাল পতাকা হাতে নেতা-কর্মীরা ডিজিটাল নিরাপত্তা আইনের এই মামলা প্রত্যাহারের দাবি জানান। রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলা দায়ের করে প্রতিপক্ষকে ফাঁসানো হচ্ছে বলেও স্লোগান দেন তারা।

দ্বিতীয় ধাপে গত ১১ নভেম্বর গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরবর্তী সহিংসতায় ইউনিয়ন ডিজিটাল সেন্টার ভাঙচুরসহ নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ ইদু গুরুতর আহত হন। এ ঘটনায় সিপিবির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষসহ দলের সাত নেতা-কর্মী ও আরও অনেকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনসহ দুটি মামলা দায়ের করা হয়।