রংপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ইউটিউবারের

রংপুরের কাউনিয়ায় পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় আহসান হাবিব নান্নু (২৩) নামে এক ইউটিউবার নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মীরবাগ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নান্নু কুড়িগ্রামের উলিপুর উপজেলার মন্ডলের হাটের সেকেন্দার আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আহসান হাবীব নান্নু রংপুরে স্ত্রীকে রেখে মোটরসাইকেলে করে কুড়িগ্রামের নিজ বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে কাউনিয়ার মীরবাগ বাসস্ট্যান্ডে পৌঁছালে পাথরবোঝাই ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন নান্নু। তিনি পেশায় একজন ইউটিউবার ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ছেলিমুর রহমান বলেন, ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।