বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টা ও বাক্‌প্রতিবন্ধী নারী শ্রমিককে ধর্ষণ

সাভারে বুদ্ধিপ্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের চেষ্টা ও বাক্‌প্রতিবন্ধী এক নারী শ্রমিককে ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টায় ওই শিশু পরিবারের প্রতিবেশী ওসমান গণি (৫৮) নামে একজনকে এবং বাক্‌প্রতিবন্ধী নারী শ্রমিককে ধর্ষণের ঘটনায় শরিফুল ইসলাম নামে এক স্টুডিও মালিককে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অভিযুক্ত শরিফুলকে দুই দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

মঙ্গলবার রাতে সাভারের আমিনবাজার ও আশুলিয়ার জামগড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমিনবাজার বরদেশী এলাকায় বিদ্যুতের মিটারে টাকা শেষ হওয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে (১১) বাসায় একা রেখে মা দোকানে যান। এ সুযোগে প্রতিবেশী ভাড়াটে ওসমান গণি (৫৮) ওই শিশুকে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় শিশুটির মা দোকান থেকে ফিরে বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেন।

এ বিষয়ে সাভারের আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সবুর খাঁন বলেন, খবর পেয়ে আমরা অভিযুক্ত ওসমান গণিকে আটক করি। পরে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ ঘটনায় মামলা হলে বুধবার দুপুরে গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে সাভারের আশুলিয়ায় স্টুডিওতে ছবি তুলতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন বাক্‌প্রতিবন্ধী এক নারী শ্রমিক। হত্যার হুমকি দিয়ে স্টুডিওর ভেতরে তাকে ধর্ষণ করা হয়। পরে ধর্ষণের বিষয়টি ওই বাক্‌প্রতিবন্ধী নারী শ্রমিক তার বাড়িওয়ালা ও স্থানীয়দের জানালে দুই পক্ষের লোকজন মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন।

মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে ওই দিন রাতে ভুক্তভোগীর পরিবার আশুলিয়া থানায় স্টুডিওর মালিক শরিফুল ইসলামকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

মঙ্গলবার রাতে জামগড়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত স্টুডিও মালিক শরিফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা সামিউল হক বলেন, গত দুই দিন আগে স্টুডিওতে ছবি তুলতে গিয়ে হত্যার হুমকি দিয়ে এক বাক্‌প্রতিবন্ধী নারী শ্রমিককে ধর্ষণ করেন মালিক শরিফুল ইসলাম। ভুক্তভোগী ওই নারী শ্রমিককে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

‘অভিযুক্ত শরিফুল ইসলামের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে, আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’