মোহামেডানকে হারিয়ে ফের শীর্ষে আবাহনী

আগের দিন বসুন্ধরা কিংসের জয়ে টেবিলের দ্বিতীয় স্থানে নেমে গিয়েছিল ঢাকা আবাহনী লিমিটেড। এক দিনের ব্যবধানেই শীর্ষস্থান পুনরুদ্ধার করল তারা। সেটাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে।

প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে বুধবার মোহামেডানকে ১-০ গোলে হারিয়েছে আবাহনী। সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আকাশি-নীলদের পক্ষে একমাত্র গোলটি করেন সোহেল রানা।

ম্যাচে বেশ উত্তেজনাও ছিল। তবে দুই দলই সুযোগ মিস করেছে বেশ কিছু। চলতি মৌসুমে সিলেটের এই মাঠটিকেই ‘হোম ভেন্যু’ করেছে আবাহনী। সেই ‘হোম ভেন্যু’তে প্রথম ম্যাচটা জয়েই রাঙিয়েছে মারিও লেমোসের দল।

লিগে টানা তিন জয় পেল আবাহনী। পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়নরা। ১২ পয়েন্ট নিয়ে বসুন্ধরা কিংস নেমে গেছে দ্বিতীয় স্থানে। পাঁচ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ৮।

দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্র। মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে: মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ১-০ ব্যবধানে জিতেছে শেখ জামাল। একমাত্র গোলটি করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড চিনেডু ম্যাথিউ।

পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলে শেখ জামালের অবস্থান তৃতীয়। সমান ম্যাচে ৫ পয়েন্ট শেখ রাসেলের।