নাচের যত উপকার

নাচ ছাড়া কোনো উৎসবই যেন পূর্ণতা পায় না। নাচতে জানুন আর না জানুন উৎসব মাত্রই সবাই নেমে পড়েন জনপ্রিয় গানের তালে। কোমর দুলিয়ে, হাত-পা নেড়ে চেষ্টা করেন তাল মেলাতে। আবার প্রফেশনাল নাচেও আগ্রহ আছে অনেকের। তবে উৎসব ছাড়াও নাচের স্বাস্থ্য উপকারিতাও অনেক। নাচ মানুষকে ভেতর থেকে ভালো রাখতে পারে, জোগাতে পারে শক্তি ও মনোবল। জেনে রাখুন কিছু বিষয়

নমনীয় শরীর : নাচলে হাড় এবং মাংসপেশি সাবলীল হয়। দীর্ঘদিন নাচের অভ্যাস থাকলে সারা শরীর অনেক বেশি নমনীয় হয়ে যায়। তাই হঠাৎ চোট লাগার সম্ভাবনা কমে। জয়েন্টে ব্যথাও দূরে রাখতে পারে নাচ। দেহের স্থিতিশীলতাও বজায় রাখে।

মেদহীনতা : ক্যালরি পোড়াতে নাচ দুর্দান্ত কার্যকর। নিয়মিত ঘণ্টাখানেক মনের আনন্দে নাচলে ৩০০-৮০০ ক্যালরি ক্ষয় হতে পারে। ফলে ওজন বাড়ার সম্ভাবনা কমে। শরীর থাকে নির্মেদ।

উদ্বেগ কমায় : খুব বেশি মানসিক চাপ, উদ্বেগ বা হতাশা তৈরি হলে মিনিটখানেক নাচার চেষ্টা করুন। এ ক্ষেত্রে জাদুর মতো কাজ করতে পারে নাচ। নিমেষের উদ্বেগ কমানোর ক্ষমতা আছে নাচের।

সুস্থ শরীর : হৃদযন্ত্রের জন্য নাচ দারুণ উপকারী। মস্তিষ্কের জন্যও দুর্দান্ত এক্সারসাইজ। গবেষণায় দেখা গেছে, যারা নাচেন, তাদের স্মৃতিশক্তি তুলনামূলক ভালো হয়। এ ছাড়া নাচের অভ্যাস ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের মতো রোগ থেকেও দূরে রাখে।

এ ছাড়া নিয়মিতভাবে শরীরচর্চার সময় না পেলে বা সারা দিনের পরিশ্রমের পর ব্যায়ামাগারে যেতে ইচ্ছা না করলে ঘরেই একটু নাচ আপনাকে যথেষ্ট ফিট রাখতে পারে।