চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে পূর্ণাঙ্গ রেলবন্দর স্থাপনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে স্টেশন এলাকায় এ মানববন্ধন করে রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদ। এতে গোমস্তাপুরসহ পার্শ্ববর্তী ভোলাহাট ও নাচোল উপজেলার জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নেন।
প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান, সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাইরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, বৃটিশ আমল থেকে রহনপুরে রেলওয়ে শুল্ক স্টেশন চালু হয়। এ স্টেশন দিয়ে আগে থেকেই ভারতসহ অন্যান্য দেশ হতে পণ্য আমদানি হয়ে আসছে। তারা রহনপুর রেলওয়ে শুল্ক স্টেশনকে পূর্ণাঙ্গ রেলবন্দরে রূপান্তরের দাবি জানান। পরে একটি মিছিল রহনপুর বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।