দেশে করোনায় মৃত্যু ২৯ হাজার ছাড়াল

দেশে এক দিনের ব্যবধানে করোনাভাইরাসের নতুন রোগী ও মৃত্যু বেড়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় (গত বুধবার সকাল ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ১ হাজার ৫১৬ জন শনাক্ত ও ১০ জনের মৃত্যু হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৫৩ শতাংশ। এর আগের দিন বুধবার ১ হাজার ২৯৮ জন শনাক্ত ও ৫ জনের মৃত্যু হয়েছিল। এ পর্যন্ত দেশে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৯ হাজার ৬৫১ জন। মারা গেছে ২৯ হাজার ৫ জন।

গতকাল বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৭ হাজার ৩৫০টি। এ সময়ে অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৪৩৪টি নমুনা। এখন পর্যন্ত ১ কোটি ৩৩ লাখ ১১ হাজার ২১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। 

নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ৫৭ শতাংশ। মারা গেছে ১ দশমিক ৫০ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৮ ও নারী ২ জন। তাদের মধ্যে ৩ জন ঢাকা বিভাগের। এ ছাড়া চট্টগ্রামে ৩, রংপুরে ২ এবং খুলনা ও সিলেটে ১ জন করে মারা গেছে। সরকারি হাসপাতালে ৭ ও বেসরকারি হাসপাতালে ৩ জন মারা গেছে। মৃতদের মধ্যে ৮১-৯০ বছরের ১, ৬১-৭০ বছরের ৫, ৫১-৬০ বছরের ১, ৪১-৫০ বছরের ১ এবং ৩১-৪০ বছরের ১ জন রয়েছেন।