আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে জয়ের সুবাদে আইসিসি ওয়ানডে সুপার লিগের শীর্ষে উঠে গেছে বাংলাদেশ। তাদের জায়গা ছেড়ে দিয়ে দ্বিতীয় স্থানে নেমে যেতে হয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার আফগানিস্তানকে ৮৮ রানে হারিয়েছে টাইগাররা। ৩০৭ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৪৫.১ ওভারে ২১৮ রানে গুটিয়ে গেছে আফগানরা।
আইসিসি সুপার লিগে ১৪তম ম্যাচে দশম জয় পেল বাংলাদেশ। ১০০ পয়েন্ট নিয়ে সবার ওপরে এখন টাইগাররা। ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের।
শুধু সুপার লিগের শীর্ষে ওঠাই নয়, এদিনের জয়ে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
নিয়মনুযায়ী ২০২৩ সালে ভারতে হতে যাওয়া বিশ্বকাপে ১০ দল অংশ নেবে। আয়োজক দেশ হিসেবে সরাসরি বিশ্বকাপ খেলবে ভারত। সুপার লিগ থেকে বাকী সাত দল বেছে নেয়া হবে।
সুপার লিগের পয়েন্ট টেবিলের প্রথম ৭ দল সরাসরি বিশ্বকাপে খেলার ছাড়পত্র পাবে। সেই ৭ দলের মধ্যে ভারত থাকলে পয়েন্ট টেবিলের আট নম্বর দল বিশ্বকাপের টিকিট পাবে। এছাড়া বাছাই পর্ব থেকে বিশ্বকাপ খেলার সুযোগ পাবে দুই দল।
আরো পড়ুন