ফুলজোড় নদী খনন করতে গিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের পেচরপাড়া, চর পেচরপাড়া ও নূরগঞ্জ পেচরপাড়া গ্রামের ২ হাজার ৫০০ পরিবারের ৩০০ বিঘা ফসলি জমি কেটে বালু উত্তোলন করা হয়। এর প্রতিবাদে এলাকাবাসী গতকাল শুক্রবার দুপুরে ঘণ্টাব্যাপী বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন করেছেন।
মানববন্ধন চলাকালে আবদুল মজিদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, আবদুল আলীম, রাজিবুল ইসলাম, ফজলুল হক, আবদুর রাজ্জাক, আম্বিয়া সরকার, করিম বক্স, নজরুল ইসলাম, রাশেদুল ইসলাম, ইয়াকুব আলী, আবদুল করিম, আবুল কাশেম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জন্মের পর থেকে পেচরপাড়া, চর পেচরপাড়া ও নূরগঞ্জ পেচরপাড়ার এ জমিগুলো আমাদের বাপ-দাদারা পৈতৃক সম্পত্তি হিসেবে চাষাবাদ করেছেন; আমরাও চাষাবাদ করে আসছি। এসব জমির হাল সন পর্যন্ত খাজনা দেওয়া আছে। জমিগুলো আমাদের নামে রেকর্ডও করা আছে। এসব নকশার ব্যক্তি মালিকানাধীন ফসলি জমি কেটে একটি অসাধু মহল বালু ব্যবসার স্বার্থে নদী খননকারীদের উৎকোচের বিনিময়ে ম্যানেজ করে নদীর মূল অংশ ছেড়ে ৫০০ মিটার পূর্বে আমাদের তিন ফসলি জমি নষ্ট করে ড্রেজিং করছে। আমরা এর প্রতিবাদ করায় তারা আমাদের মারধর ও গ্রামছাড়া করার হুমকি দিচ্ছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ বলেন, মূল নদীর নকশা অনুযায়ী নদী খনন করার কথা। কারও ব্যক্তিগত ও ফসলি জমি কাটার কথা নয়। তারপরও এটা করা হলে সরেজমিন পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।