পটুয়াখালীর বাউফলে মেছো বাঘের শাবক উদ্ধার করে বিপাকে পড়েছেন উদ্ধারকারী। ৩টি মেছো বাঘের শাবক উদ্ধার করার পর বন বিভাগ তা জমা নিতে অস্বীকৃতি জানালে এগুলো নিয়ে বিপাকে পড়েন উপজেলার দাশপাড়া গ্রামের রুবেল প্যাদা।
গতকাল শুক্রবার সকাল ৬টার দিকে দাশপাড়া ইউনিয়নের দাশপাড়া গ্রামের ইসমাঈল প্যাদার গোয়ালঘর থেকে তার ছেলে রুবেল প্যাদা ৩টি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করেন।
রুবেল প্যাদা দেশ রূপান্তরকে বলেন, ‘আমি বাচ্চাগুলো নিয়ে বেলা ১১টায় কয়েকজন সাংবাদিককে সঙ্গে নিয়ে উপজেলা বন কর্মকর্তা আবুল কালামের কাছে যাই। তিনি বাচ্চাগুলো জমা না রেখে যেখান থেকে উদ্ধার করা হয়েছে, সেখানে ছেড়ে দিতে বলেছেন। আমি বাচ্চা নিয়ে চলে এসেছি।’ এ ব্যাপারে বন কর্মকর্তা আবুল কালাম বলেন, ‘বাচ্চাগুলো যেখান থেকে উদ্ধার করা হয়েছে, সেখানে ছেড়ে দিতে বলেছি। রাতের বেলা বাচ্চাগুলো যদি মায়ের সঙ্গে চলে যায় যাবে, না গেলে আগামীকাল উদ্ধার করে জেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।’