রাতভর বিস্ফোরণের পর কিয়েভের শান্ত ভোর

শুক্রবার দিবাগত রাত ও শনিবার প্রথম প্রহরে বিস্ফোরণের পর বিস্ফোরণে কেঁপে উঠে ইউক্রেনের রাজধানী কিয়েভ। তবে ভোরের দিকে প্রায় পৌনে এক ঘণ্টার জন্য নিস্তব্ধ হয়ে পড়ে চারদিক।

সিএনএনের প্রতিবেদক জানান, স্থানীয় সময় ৫টা পর্যন্ত পুরো শহর শান্ত ছিল। কোনোদিকে বিস্ফোরণের শব্দ শুনতে পাননি তিনি।

এর আগে রাত ২টা থেকে ৪টা পর্যন্ত শহরের পশ্চিম ও দক্ষিণাংশে বিকট শব্দে বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। এ সময় আগুনের ঝলকানিতে আকাশ ফরসা হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে শহরের উত্তর-পশ্চিমাংশের বিস্ফোরণের দৃশ্য দেখা যায়।

তবে সিএনএন আরেক প্রতিবেদনে জানায়, রাজধানী কিয়েভে পৌনে ৬টা নাগাদ গুলির শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে দক্ষিণ-পূর্ব দিক থেকে এই শব্দ এসেছে।

এ দিকে কিয়েভ থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণের শহর ভাসিলকিভের মেয়র নাটালিয়া বালাসিনোভিচ বলেছেন, শহরের মাঝখানে এখন ভয়াবহ লড়াই চলছে।

শনিবার ভোরে ইউক্রেনের পার্লামেন্ট চ্যানেলে তিনি বলেন, যুদ্ধের মাধ্যমে শহরটি দখল হয়েছে। এতে দুই শতাধিক ইউক্রেনীয় আহত হয়েছে।

বৃহস্পতিবার ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। রুশ সৈন্যরা উত্তর, দক্ষিণ এবং পূর্ব দিক দিয়ে ইউক্রেনে ঢুকে পড়ে, বড় বড় শহর ও সেনা ঘাঁটিতে রুশ ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যায়। হামলার দ্বিতীয় দিনেই রুশ সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে।

শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রধান একটি বিমানবন্দর এবং বিমানঘাঁটি দখলে নিয়ে নিয়েছে রাশিয়ান সেনারা। প্রায় ২০০ হেলিকপ্টার ব্যবহার করে অভিযান চালিয়ে ইউক্রেনের দুই শতাধিক সৈন্যকে হত্যার পর হোসটোমেল নামের ওই বিমান ঘাঁটি দখল নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এর আগে রাশিয়ান সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভের আন্তোনভ নামের আরেকটি বিমান ঘাঁটিও দখল করে নেয়।