কখনো ভাবিনি সুরকার হব

 

জাকিয়া সুলতানা কর্ণিয়া এই সময়ের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী। এতদিন অন্যের সুরে গান করলেও এবার প্রথম নিজেই নিজের সুরে গেয়েছেন একটি গান। এই তারকার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

সুরকার ...

এই প্রথম নিজের বৃত্তের বাইরে কাজ করছি। আমি গায়িকা থেকে সুরকার হিসেবে আত্মপ্রকাশ করছি। সম্প্রতি ‘অবাক মন’ শিরোনামের একটি গানের সুর করেছি। গানটি গেয়েছিও আমি। সংগীতায়োজন করেছেন আয়ুষ দাস। রোমান্টিক ঘরানার গানটি নিয়ে আমি বেশ আশাবাদী। আসলে আমি একা হলেই গুনগুনিয়ে কিছু না কিছু গাই। মনের অজান্তেই সুর চলে আসে। কখনো ভাবিনি সুরকার হব। তবে আমার গুনগুনিয়ে গাওয়া সুরগুলো কাছের মানুষরা সব সময় শোনেন। তাদের অনুপ্রেরণায় এ গানটির সুর করার সাহস করলাম। সুরের ওপর কথা বসিয়েছেন সুদীপ কুমার দীপ। আমি কখনো পেশাদার সুরকার হতে চাই না। এর জন্য অনেক ত্যাগ লাগে, অনেক সাধনার প্রয়োজন। আমি গায়িকা হিসেবেই নিজের ক্যারিয়ার গোছাতে চাই। হয়তো শখের বসে মাঝেমধ্যে দুই-একটি গানে সুর করব।

প্লেব্যাক ...

আমার সংগীত ক্যারিয়ারে খুবই বেছে বেছে প্লেব্যাক করেছি। তবে সম্প্রতি বেশ কয়েকটি চলচ্চিত্রে প্লেব্যাক করেছি।

অন্য ব্যস্ততা ...

এখন তো স্টেজ শোর ব্যস্ততা কম। তবে করোনার পর আবার পৃথিবী স্বাভাবিক হতে শুরু করেছে। গান ও মিউজিক ভিভিও তৈরির সংখ্যাও বেড়েছে অনেক। স্টেজ শোও আবার শুরু হয়েছে। আমিও কিছু স্টেজ শো করছি। তবে আগামী মাসে স্টেজ শোর ব্যস্ততা আরও বাড়বে। করব ঢাকা ও ঢাকার বাইরে বেশকিছু কনসার্টের ব্যাপারে কথা হয়েছে। এ মাসে আপাতত বেশ কিছু অডিও গানের কাজ নিয়ে ব্যস্ত। এই ব্যস্ততা বেশ উপভোগ করছি।