কিয়েভবাসীদের বিষাক্ত ধোঁয়া থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। বিবিসির খবরে বলা হয়, কিয়েভের উপকণ্ঠে ভ্যাসিলকিভের একটি তেল ডিপোতে আঘাত হানা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কিয়েভের কর্মকর্তারা অধিবাসীদের সতর্ক করে দিয়ে জানান, একটি জ্বলন্ত তেল ডিপো থেকে ধোঁয়া এবং বিষাক্ত ধোঁয়া নির্গত হচ্ছে। বাসিন্দাদের তাদের বাসা-বাড়ির জানালা শক্তভাবে বন্ধ করে রাখতে বলা হয়েছে। তবে, রাজধানীর অনেক বাসিন্দা ইতিমধ্যেই মাটির নিচের কুঠুরিতে অবস্থান করছেন।
অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, ওই তেল ডিপো থেকে বিশাল আকারের ধোঁয়া উঠছে।
এদিকে, আল জাজিরার এক খবরে বলা হয়েছে, রুশ সেনারা খারকিভে গ্যাস পাইপলাইন উড়িয়ে দিয়েছে বলে ইউক্রেন দাবি করেছে।
ইউক্রেনের রাষ্ট্রীয় স্পেশাল কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন প্রোটেকশন সার্ভিস জানায়, রাশান সেনারা দেশটির খারকিভ শহরে একটি প্রাকৃতিক গ্যাস পাইপলাইন উড়িয়ে দিয়েছে।
টেলিগ্রাম মেসেজিং অ্যাপে পোস্ট করা একটি ভিডিওতে মাশরুম আকৃতির বিস্ফোরণ দেখানো হয়েছে।
পাইপলাইনটি কতটা গুরুত্বপূর্ণ এবং বিস্ফোরণটি শহর বা দেশের বাইরে গ্যাসের চালান ব্যাহত করতে পারে কিনা তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার করা যায়নি। যুদ্ধ সত্ত্বেও, ইউক্রেন রাশিয়ান প্রাকৃতিক গ্যাস ইউরোপে পাঠানো অব্যাহত রেখেছে।