মুলতান সুলতানসকে হারিয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসরের শিরোপা জিতে নিল লাহোর কালান্দার্স।
রবিবার অনুষ্ঠিত ফাইনালে সবশেষ আসরের চ্যাম্পিয়ন মুলতানকে ৪২ রানের বড় ব্যবধানে হারায় লাহোর। ১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩ বল বাকি থাকতে ১৩৮ রানে গুটিয়ে যায় মুলতানের ইনিংস।
ছয় দলের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই আসরে লাহোরই একমাত্র দল যারা আগের ছয় আসরে একবারও শিরোপা জিততে পারেনি। একবার ফাইনাল খেলেছিল। ২০২০ সালের সেই আসরে করাচি কিংসের কাছে হেরে রানার্সআপ হয়েছিল দলটি। সপ্তম আসরে এসে শিরোপার স্বপ্ন পূরণ হলো শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন দলের।
ম্যাচের আগে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি ভবিষ্যদ্বাণী করেন, লাহোর জিতবে এবারের শিরোপা। শেষ পর্যন্ত তার হবু জামাইয়ের হাতেই ট্রফি উঠল।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল লাহোর কালান্দার্স। তবে শুরুতেই ধাক্কা খায় তারা। ২৫ রানে ৩ উইকেট হারিয়ে বসে। তবে মোহাম্মদ হাফিজের ৪৬ বলে লড়াকু ৬৯ এবং হ্যারি ব্রুক ২২ বলে অপরাজিত ৪১ ও সাত নম্বরে ব্যাট করতে নেমে ৮ বলে ২৮ রানের ঝোড়ো একটি ইনিংস খেলেন ডেভিড ওয়াইজ। সুবাদে ৫ উইকেটে ১৮০ রান করে লাহোর কালান্দার্স।
জবাব দিতে নেমে একের পর এক উইকেট হারাতে শুরু করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মুলতান সুলতানসের হয়ে সর্বোচ্চ রান করেছেন খুশদিল শাহ। তার সংগ্রহ ২৩ বলে ৩২ রান। ২৭ রান করেছেন টিম ডেভিড। এর বাইরে ২০ রানের গণ্ডি কেউই টপকাতে পারেননি।
লাহোর কালান্দার্সের শাহিন আফ্রিদি ৩ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন হাফিজ এবং জামান খান।
ম্যাচসেরা হয়েছেন লাহোর কালান্দার্সের হাফিজ। সিরিজসেরা হয়েছেন মুলতান সুলতানসের মোহাম্মদ রিজওয়ান।