কক্সবাজারে হচ্ছে শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্স

সমুদ্রনগরী কক্সবাজারে আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বঙ্গবন্ধুর বড় ছেলে, আবাহনীর প্রতিষ্ঠাতা শেখ কামালের নামে সাগরপাড় ধরে ৫০ একর জমির ওপর হবে এই মাল্টিপারপাস কমপ্লেক্স। যেখানে থাকবে একটি করে আন্তর্জাতিক মানের ক্রিকেট, ফুটবল ও হকি স্টেডিয়াম। গতকাল কক্সবাজারে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

ক্রীড়া কমপ্লেক্সে অন্যান্য খেলাধুলার সুযোগও থাকবে। কমপ্লেক্সে আরও থাকবে- গ্যালারি, ভিআইপি সুবিধা, রেস্টুরেন্ট, মিডিয়া, স্টেডিয়াম প্রশাসন, সেবাকক্ষ, স্টোরেজ। এছাড়া জিমনেশিয়াম ও ইনডোর অনুশীলনে- প্রধান ইনডোর নেটব্লক, সেবাকক্ষ, টিভি রুমও থাকবে। অ্যাকাডেমিতে থাকবে ডাইনিং, হলরুম, প্রশাসনিক ভবন, কনফারেন্স ভবন, অডিও-ভিজ্যুয়াল কক্ষ ও পার্কিংয়ের ব্যবস্থা। রাসেল বলেন, ‘কক্সবাজারের মতো এত সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি জায়গায় এ ধরনের স্থাপনা আমরা করতে যাচ্ছি। এটি পুরোটাই প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত ইচ্ছা এবং আগ্রহের কারণে সম্ভব হয়েছে। এছাড়া কক্সবাজারে আধুনিক ফুটবল স্টেডিয়াম, ইনডোর স্টেডিয়াম হচ্ছে। সমুদ্রতীরে প্র্যাকটিস মাঠসহ ক্রিকেট, ফুটবল ও হকি স্টেডিয়ামের শেখ কামাল আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্সের দেশ ছাড়িয়ে বিদেশেও পরিচিতি লাভ করবে। ভৌগোলিক অবস্থানের দিক থেকে প্রাকৃতিক স্থাপনার সঙ্গে খাপ খাইয়ে স্টেডিয়ামের ধারণাটি সাম্পান নৌকার আদলে তৈরি করা হচ্ছে। এটি দেখলে মনে হবে- নান্দনিকভাবে সাগরে ৩টি সাম্পান ভাসছে।’

প্রস্তাবিত ক্রীড়া কমপ্লেক্সের অবস্থান কক্সবাজার বিমানবন্দর থেকে মাত্র ৩ হাজার ৫০০ ফুট দূরে লাবণী বিচ সড়কে অবস্থিত। এই কমপ্লেক্সে ক্রিকেটে ১৫ হাজার, ফুটবলে ১৫ হাজার এবং হকিতে ৮ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম হবে বলে জানান মন্ত্রী।