তিন নায়কের মায়ায় শবনম বুবলী

জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী সম্প্রতি ‘মায়া’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। জসিম উদ্দিন জাকিরের পরিচালনায় এতে তার বিপরীতে রয়েছেন তিনজন নায়ক। তারা হলেন-আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক ও জিয়াউল রোশান। রাজধানীর উত্তরার একটি শুটিং স্পটে বর্তমানে এ সিনেমার শুটিং চলছে।

এতে অভিনয় প্রসঙ্গে বুবলী বলেন, ‘এরই মধ্যে পাঁচ দিনের শুটিং শেষ করেছি। আরও কয়েক দিন চলবে। অসম্ভব সুন্দর একটি গল্প নিয়ে এটি নির্মিত হচ্ছে। আশা করছি, ভালো একটি সিনেমা হবে।’

তিনি বলেন, ‘এই প্রথম এক সিনেমায় তিন নায়কের বিপরীতে অভিনয় করছি। তাই এ সিনেমায় নতুনভাবে আমাকে দেখা যাবে।’

সিনেমায় অভিনয়ের পাশাপাশি বুবলী টিভি বিজ্ঞাপনেও অভিনয় করছেন। তার অভিনীত নতুন বিজ্ঞাপন টিভি চ্যানেল ও অনলাইনে প্রচার হচ্ছে।