বিয়ের প্রলোভনে সহকর্মীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সহকর্মীকে ধর্ষণের অভিযোগে লালমনিরহাটের কাকিনা ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার পারভেজ হোসাইনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রবিবার আদিতমারী উপজেলার টেপা পলাশী এলাকা থেকে অভিযুক্তকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

আজ সোমবার দুপুরে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেছেন।

আটক পারভেজ হোসাইন নীলফামারীর ডোমার উপজেলার বোরাগাড়ী মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। তিনি কালীগঞ্জ উপজেলার কাকিনা ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাকিনা ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার পদে কাজ করার সুবাদে একই প্রতিষ্ঠানের চিকিৎসকের সহকারী এক মেয়ের (২৬) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন পারভেজ হোসাইন। পরে বিয়ের প্রলোভনে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন তারা।

দীর্ঘ ৪ বছর অতিবাহিত হলেও বিয়ের বিষয়ে কাল ক্ষেপণ করতে থাকেন পারভেজ। গত রবিবার রাতে ওই সহকর্মীর সঙ্গে দেখা করতে তার গ্রামের বাড়ি টেপা পলাশী গ্রামে যান অভিযুক্ত পারভেজ। সেখানে আবার বিয়ের আশ্বাসে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন।

এ সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা পারভেজকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় আজ মামলা হলে অভিযুক্তকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, ভুক্তভোগীর অভিযোগ নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে পারভেজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষাও ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।