এ সরকারের অধীনে কোনো নির্বাচন কমিশনে আমাদের আস্থা নেই: আফরোজা

জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, এ সরকারের অধীনে যত নির্বাচন কমিশন আসুক, কোনো নির্বাচন কখনো সুষ্ঠু হবে না। কারণ কোনো নির্বাচন কমিশন মেরুদণ্ড সোজা করে নির্বাচন করতে পারবে না। তারা সরকারের আজ্ঞাবহ হয়ে থাকবে। সরকারের নিয়ম অনুযায়ী পরের দিনের ভোট আগের দিন রাতে হয়ে যাবে। এ সরকারের অধীনে কোনো নির্বাচন কমিশনের ওপর আমাদের আস্থা নেই। 

তিনি বলেন, আমরা চাই নিরপক্ষ একটা নির্বাচনের ব্যবস্থা। এবং সেটা ত্বত্তাবধায়ক সরকারের অধীনে। যে ভোট গ্রহণে দেশের প্রত্যেকটা মানুষ তার নিজের ভোট নিজে প্রয়োগ করতে পারবে। 

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জে একটি কমিউনিটি সেন্টারে জাতীয়তাবাদী মহিলা দলের সুনামগঞ্জ জেলা শাখার কর্মী সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।

কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা দলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মি আক্তার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম নুরুল, জেলা মহিলা দলের সভাপতি বেগম লুৎফা আনোয়ার, সাধারণ সম্পাদক অ্যাড. হাফেজা ফেরদৌস লিপন প্রমুখ।