চট্টগ্রাম - ১৪ আসনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ০৯:২৯ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ- সাতকানিয়া আংশিক) আসন প্রার্থীর মধ্যে সাত জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাকি দুইজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।  

রবিবার (৪ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। 

মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা হয়েছে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ, এলডিপি মনোনীত ছাতা প্রতীকের প্রার্থী অধ্যাপক ওমর ফারুক, বিএনপি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম রাহী সিআইপি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী, জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের মোঃ বাদশা মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মাওলানা আব্দুল হামিদ ও ইনসানিয়াত বিপ্লব মনোনীত আপেল প্রতীকের প্রার্থী এইচ.এম ইলিয়াছের।

এ সময় মনোনয়নপত্রে অসঙ্গতি থাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আনোয়ার চৌধুরীর মনোনয়ন বাতিল করা হয়। 

ঘোষিত তফসিল অনুযায়ী, ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়ন বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে আপিল দায়ের ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। ভোটগ্রহণ আগামী বছরের ১২ ফেব্রুয়ারি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -১৪ (চন্দনাইশ - সাতকানিয়া আংশিক) আসনে চন্দনাইশ উপজেলার অংশে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫ হাজার ৫১৫ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮ হাজার ১৫৮ জন এবং নারী ৯৭ হাজার ৩৫৭ জন। মোট ভোট কেন্দ্র ৬৪টি। সাতকানিয়া উপজেলার আংশিক অংশে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭হাজার ৯৯৮ জন। এর মধ্যে পুরুষ ৫৭ হাজার ৬৮৯ জন এবং নারী ৫০ হাজার ৩০৮ জন। এবার তৃতীয় লিঙ্গের ভোটার ০১ জন। মোট ভোট কেন্দ্র ৩৬টি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত