এবার রাজধানীর ডেমরায় এক পুলিশ কর্মকর্তা ও তার পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে বাড়িতে লুট করেছে ডাকাতরা। গত সোমবার রাতে দুর্বৃত্তরা ওই বাড়িতে ঢুকে প্রায় ৪০ মিনিট অবস্থান করে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
ডেমরার বালুর মাঠের ছোট পাইটি এলাকায় একটি একতলা বাড়িতে যাত্রাবাড়ী থানার এসআই আজিজুল হক সুমন তার স্ত্রী ও এক ছেলেকে নিয়ে বসবাস করেন। কয়েক দিন আগে তার বাসায় শাশুড়ি, স্ত্রীর বড় বোনের মেয়ে পুষ্পিতা ও তার স্বামী ট্যুরিস্ট পুলিশে কর্মরত কনস্টেবল রাজু আহমেদ বেড়াতে আসেন। রাতে ছয়জনের ডাকাতদল বাড়ির সদস্যদের হাত-পা বেঁধে অস্ত্রের ভয় দেখিয়ে স্বর্ণালঙ্কার, ৫০ হাজার টাকা ও মোবাইল ফোনসেট লুট করে নিয়ে যায়। এ ঘটনায় সোমবার রাতে সুমনের স্ত্রী ফারজানা আফরোজ ডেমরা থানায় মামলা করেন।
এজাহারে বলা হয়, রাত ৩টার দিকে একদল ডাকাত বাসার গেট ভেঙে ফেলে। এ সময় তারা শাবল দিয়ে বাসার কাঠের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতদের হাতে ছুরি, চাপাতি, লোহার রড ও শাবল ছিল। সবাই ছিল মুখোশ পরিহিত।
ডেমরা থানার ওসি মো. নাসির উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, সোমবার রাতে ডেমরার বালুর মাঠের ছোট পাইটি এলাকায় একটি একতলা বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।