ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভে বোমাবর্ষণে এক ভারতীয় শিক্ষার্থী নিহত হয়েছেন। ওই শিক্ষার্থীর নাম নবীন এসজি। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরটিতে গত কয়েক দিন ধরে তীব্র হামলা চালাচ্ছে রুশ বাহিনী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহত শিক্ষার্থীর পরিবারের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখা হচ্ছে। মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘গভীর দুঃখের সঙ্গে আমরা নিশ্চিত করছি আজ সকালে খারকিভে বোমাবর্ষণে এক ভারতীয় শিক্ষার্থী নিহত হয়েছেন। মন্ত্রণালয় তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।’
অরিন্দম বাগচি আরও জানান, পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা রাশিয়া এবং ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করে খারকিভ এবং অন্য সংঘাতকবলিত শহরে এখনো আটকে থাকা ভারতীয়দের জরুরি ভিত্তিতে নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন। এক টুইট বার্তায় বাগচি আরও লেখেন, ‘রাশিয়া এবং ইউক্রেনে নিযুক্ত আমাদের রাষ্ট্রদূতরাও একই ধরনের পদক্ষেপ নিয়েছেন।’
ইউক্রেনের ভারতীয় দূতাবাস কিয়েভে অবস্থানরত সব ভারতীয় নাগরিকদের জরুরি ভিত্তিতে শহর ছাড়ার আহ্বান জানানোর কয়েক ঘণ্টার মধ্যে শিক্ষার্থী নিহতের খবর পাওয়া গেছে। যুদ্ধকবলিত ইউক্রেনে আটকেপড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে ভারত সরকার ব্যাপক পদক্ষেপ নিয়েছে। ইউক্রেনের প্রতিবেশী দেশগুলোর সীমান্ত ব্যবহার করে নাগরিকদের ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে ভারত। আর এই প্রক্রিয়ায় সহায়তা দিতে পাঠানো হয়েছে সিনিয়র মন্ত্রীদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় বিমানবাহিনীকে এই প্রক্রিয়ায় যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।