ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যানচাপায় ৪ অটোরিকশা যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় কভার্ডভ্যানের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন।

বুধবার সকাল ৭টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকার এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ইব্রাহিমপুর গ্রামের ফরিদ মিয়া (৪২), মোর্শেদা বেগম (৫০) ও দুদু মিয়া (৬২) এবং খাটিঙ্গা গ্রামের হোসনে আরা খাতুন (৪৮)।

খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. শাহজালাল জানান, সকালে কভার্ডভ্যানটি মালামাল নিয়ে সিলেটের দিকে যাচ্ছিল আর অটোরিকশাটি বিপরীত দিক থেকে আসছিল। পথে দুটি যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুদু ও মোর্শেদা নিহত হন।

আহত অপর দুজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হোসনে আরাকে মৃত ঘোষণা করেন। আর পরিস্থিতি গুরুতর হওয়ায় ফরিদকে ঢাকায় স্থানান্তর করা হয়। কিন্তু পথেই তিনি মারা যান।

ওসি আরও বলেন, দুর্ঘটনার পর কভার্ডভ্যান ফেলে চালক পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।