বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি বলেছেন, ‘বর্তমান সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। তারা বলে বিএনপি নাকি আন্দোলন করতে পারে না, বিএনপি আওয়ামী লীগের মতো লগী-বৈঠা দিয়ে মানুষ হত্যা করে না, গান পাউডার দিয়ে মানুষ মারতে পারে না। বিএনপি আন্দোলন করতে পারে কিনা এসে দেখে যান।’
বুধবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, ‘আওয়ামী লীগ ১৩ বছরে মামলা হামলা দিয়ে নির্যাতন করেও বিএনপির মনোবল ভাঙতে পারে নাই। বন্দুকের নল ও পুলিশ প্রশাসন সরিয়ে দিয়ে দেখেন আন্দোলন কাকে বলে।’
শহরের স্টেশন রোডের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শাহ মো. ওয়ারেছ আলী মামুনসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা সরকারের সীমাহীন দুর্নীতি ও ব্যর্থতায় চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানানোর পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবি জানান।