ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ, আহত ২০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রলীগ, যুবলীগ ও ছাত্রদলের নেতা কর্মীদের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা ফ্লাইওভার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বুধবার বিকেলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জ শহরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নিয়ে একটি প্রতিবাদ সভার আয়োজন করে। বুধবার দুপুরে জেলার কর্মসূচিতে অংশগ্রহণ করতে ছাত্রদলের স্থগিত কমিটির সদস্যসচিব ও পদবঞ্চিত ছাত্রদল নেতা মাসুদুর রহমানের নেতৃত্বে ছাত্রদল নেতা কর্মীরা ভুলতা ফ্লাইওভার এলাকায় অবস্থান নেন। এ সময় উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শীলা রানী পাল ও উপজেলার ছাত্রলীগের সহসভাপতি নাজমুল হাসান সবুজের নেতৃত্বে নেতা কর্মীরা একই জায়গায় অবস্থান নেন। এ নিয়ে দুই পক্ষের প্রথমে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আরও জানা গেছে, সংঘর্ষে ভুলতা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদ, গোলাকান্দাইল ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক আল-আমিন, যুবলীগ নেতা বাবু, রিপন ও হৃদয়সহ ১১ জন আহত হন।

অপরদিকে, ছাত্রদলের স্থগিত কমিটির সদস্যসচিব ও পদবঞ্চিত নেতা মাসুদুর রহমান, ছাত্রদল নেতা মেহেদী, ইয়াছিন, মাছুম, শাহদাত, সাগর, রমজানসহ ৯ জন আহত হন।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সময় দুই পক্ষই মোটরসাইকেল, বাসসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। সংঘর্ষের কারণে ভুলতা ফ্লাইওভার এলাকার আশপাশে অবস্থিত গাউছিয়া মার্কেট, তাতঁবাজার, রাবেত আল হাসান ও হক সুপার মার্কেটের ক্রেতা-বিক্রেতা ও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে দুই পক্ষকেই ছাত্রভঙ্গ করেছেন।

এ ব্যাপারে ছাত্রদল নেতা মাসুদুর রহমান বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কেন্দ্রীয় পূর্বঘোষিত কর্মসূচিতে অংশগ্রহণ করতে নারায়ণগঞ্জ শহরে যাওয়ার জন্য ছাত্রদলের পদবঞ্চিত নেতা কর্মীরা ভুলতা এলাকায় অবস্থান নেন। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীরা মিলে ছাত্রদলের নেতা কর্মীদের ওপর হামলা চালায়। হামলায় আমাদের অনেক নেতা কর্মী আহত হয়েছে।’ 

এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি নাজমুল হাসান সবুজ বলেন, ছাত্রদলের নেতা কর্মীরা ভুলতা এলাকায় অবস্থান নিয়ে বিভিন্ন সরকার বিরোধী স্লোগান দিতে থাকেন। এ ছাড়া এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে গাড়ি ভাঙচুরও করেন তারা। এ জন্য ছাত্রদলের নেতা কর্মীদের প্রতিহত করতে আমরা ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীরা অবস্থান নিই। এ সময় ছাত্রদলের নেতা কর্মীরা আমাদের ওপর হামলা চালায়। ছাত্রদলের হামলায় ছাত্রলীগ ও যুবলীগের অনেক নেতা কর্মী আহত হয়েছেন। 

ঘটনাস্থলে থাকা ভুলতা ফাঁড়ির উপপরিদর্শক হুমায়ন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধাওয়া দিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে এ ব্যাপারে বক্তব্য নিতে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদের ফোনে বেশ কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।