উলিপুরে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ

কুড়িগ্রামের উলিপুরে পূর্ববিরোধের জের ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও হামলার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সকালে উপজেলার তবকপুর ইউনিয়নের জকরিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ওই পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জকরিয়া পাড়া গ্রামের সাইদুর রহমান মিস্ত্রি গংদের সঙ্গে চাচাত ভাই মজহারুল ইসলাম মন্টু ও আজহারুল ইসলাম মহুবর গংদের ২২ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই জমি নিয়ে উভয় পক্ষের একাধিক মামলা আদালতে চলমান রয়েছে। বুধবার সকাল ৬টার দিকে পূর্বপরিকল্পিতভাবে মন্টু ও মহুবরের পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিরোধপূর্ণ জমির টিনের ঘরে আগুন ধরিয়ে দেয়। এরপর ওই জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করে। তারা সাইদুর মিস্ত্রির গোয়ালঘর ও সহোদর আইয়ুব আলীর রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। এছাড়া আইয়ুব আলীর একটি টিনের ঘর ও সীমানা প্রাচীর ভাঙচুর করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির বলেন, ‘তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’