বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে, সে জন্য তারা নির্বাচনকে ভয় পায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘নির্বাচন কমিশন নিয়ে তারা (বিএনপি) বিভিন্ন প্রশ্ন তুলছে। জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, তারা পেট্রলবোমা নিক্ষেপ করে, ধ্বংসাত্মক রাজনীতি করে জনগণ থেকে দূরে সরে গেছে, তাই তারা আসলে নির্বাচন করতে চায় না।’গতকাল বুধবার দুপুরে রাজধানীর কাকরাইলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে (পিআইবি) আগামী জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে বিএনপির বিভিন্ন মন্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নির্বাচন করতে চায় না। কারণ তাদের নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান রেখেই বলছি তিনি এবং তারেক রহমান আদালতে শাস্তিপ্রাপ্ত আসামি হওয়ায় বাংলাদেশের আইন অনুযায়ী নির্বাচন করতে পারবেন না। যেহেতু তারা দুজনই নির্বাচন করতে পারবেন না, সে জন্য বিএনপির আসলে নির্বাচন নিয়ে কোনো আগ্রহ নেই। তারা যে নির্বাচনকালীন সরকারের কথা বলে, এগুলো আসলে বাহানামাত্র। আপনারা জানেন ২০১৪ সালে তারা নির্বাচন প্রতিহত করার চেষ্টা করেছিল। ২০১৮ সালের নির্বাচনও বর্জন করার ঘোষণা দিয়েছিল, পরে অংশগ্রহণ করেছিল নির্বাচনকে বিতর্কিত করার উদ্দেশ্য নিয়ে।’
তিনি আরও বলেন, ‘ডা. জাফরুল্লাহর তালিকা থেকে সিইসি নিযুক্ত হয়েছেনÑএ জন্য তিনি সন্তোষ প্রকাশ করেছেন এবং সিইসির ওপর আস্থা রাখার জন্য বিএনপিসহ সব দলের প্রতি আহ্বান জানিয়েছেন। এখন বিএনপি ডা. জাফরুল্লাহকেও অস্বীকার করছে। বিএনপি কখন কাকে অস্বীকার করে, একসময় কোনো কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকেও বিএনপি অস্বীকার করতে পারে, সেটাও হতে পারে।’
এর আগে নিউজ ব্রডকাস্টার্স এলায়েন্স বাংলাদেশ-এনবিএ আয়োজিত ‘শুদ্ধ বাংলা ভাষা ও সংস্কৃতিচর্চায় উপস্থাপকদের ভূমিকা’ সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। তিনি বলেন, ‘বাঙালিদের গর্বের বাংলা ভাষায় বিশে^র ৩৪ কোটি মানুষ কথা বলে এবং জনসংখ্যার দিক দিয়ে আমাদের ভাষার অবস্থান সপ্তম। ইউরোপের বাইরে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পান বাংলা ভাষার কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর।’
এনবিএ সভাপতি মুমতাহিনা হাসনাত রীতুর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ, সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা, মানস ঘোষ প্রমুখ।
এদিকে সন্ধ্যায় দৈনিক সময়ের আলোর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বাংলামোটরে পত্রিকাটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে সময়ের আলোর প্রকাশক, সম্পাদকসহ সব গণমাধ্যমকর্মী ও পাঠকদের অভিনন্দন জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। দৈনিক সময়ের আলোর প্রকাশক গাজী আহমেদ উল্লাহ, ভারপ্রাপ্ত সম্পাদক কমলেশ রায়, নির্বাহী সম্পাদক হারুন অর রশিদসহ কর্মরত গণমাধ্যমকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।