ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরু হওয়ায় আটকা পড়েছে ‘বাংলার সমৃদ্ধি’ নামে একটি বাংলাদেশি জাহাজ। এই জাহাজে আটকা পড়েছেন সীতাকুণ্ডের ছেলে সালমান সরোয়ার সামি (২৬)। ছেলের চিন্তায় বিনিদ্র রাত কাটাচ্ছেন মা-বাবা।
জাহাজটিতে চতুর্থ ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন সালমান সরোয়ার। তিনি উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ভাটিয়ারী গ্রামের মাহফুজুল হকের ছেলে।
সালমান সরোয়ারের মা ভাটিয়ারী টিএসি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছেমন আরা বেগম জানান, ‘গত ২০ ফেব্রুয়ারি তারিখে সালমান সরোয়ার চতুর্থ ইঞ্জিনিয়ার হিসেবে বাংলার সমৃদ্ধিতে যোগ দেন। গতকাল বুধবার রাত ১০টায় ছেলের সঙ্গে সবশেষ কথা হয় তার। এ সময় ক্ষেপণাস্ত্র হামলায় জাহাজটির তৃতীয় ইঞ্জিনিয়ার মারা গেলেও বাকিরা অক্ষত আছেন বলে মোবাইলে সালমান মাকে জানান।’
ছেমন আরা বেগম বলেন, ‘আমার ছেলের মত মোট ২৮ জন বাংলাদেশি ইউক্রেনের বন্দরে ‘বাংলার সমৃদ্ধিতে’ আটকা পড়েছেন। অজানা উদ্বেগ ও আশঙ্কায় আমাদের বিনিদ্র রাত কাটছে। আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী, নৌ-পরিবহন মন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই।’
ইউক্রেনে যুদ্ধ শুরু হলে জাহাজটি আটকা পড়ে দেশটির অলিভিয়া বন্দরে। জাহাজে দুই নারীসহ ২৯ জন বাংলাদেশি ছিলেন। বুধবার রাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় চতুর্থ ইঞ্জিনিয়ার বাংলাদেশের বরগুনার মোহাম্মদ হাদিসুর নিহত হন।