ঝালকাঠিতে ৮ মণ ওজনের শাপলাপাতা মাছ জব্দ

ঝালকাঠিতে শাপলাপাতা মাছ বিক্রয়ের সময় মাইনুদ্দিন সরদার নামের এক মাছ ব্যবসায়ীকে পঁয়ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মোক্তার হোসেন স্থানীয় বাঘরি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত মাছ ব্যবসায়ী মাইনুদ্দিন পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া গ্রামের বাসিন্দা।

মাছটির ওজন প্রায় তিনশত কেজি। পদ্মমণি বা প্রজাপতি জাতের শাপলাপাতা মাছটি কেটে পরে স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা। 

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন বলেন, বিপন্ন প্রজাতির স্টিংরে ধরা, ক্রয়-বিক্রয় সংরক্ষণ ও বাজারজাত করা দণ্ডনীয় অপরাধ। তাই মাছটি জব্দ করে ব্যবসায়ীকে অর্থদণ্ড দেয়া হয়েছে।

অভিযান পরিচালনার সময় রাজাপুর উপজেলা বন কর্মকর্তা মো. আলমগীর হোসেন ও ‘অ্যানিমেল লাভারস অফ ঝালকাঠি’ নামে একটি সংগঠনের অ্যাডমিন তুহিন তাওহীদ প্রমুখ উপস্থিত ছিলেন।