দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে ও টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই ফরম্যাটের দলেই রয়েছেন সাকিব আল হাসান।
আইপিএলে খেলার জন্য প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন না বলে বিসিবিকে জানিয়ে রেখেছিলেন সাকিব। তবে আইপিএল নিলামে এবার দল পাননি তিনি। এরপর থেকেই এই অলরাউন্ডার দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলবেন কিনা সেনিয়ে সবার কৌতূহল।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে বিসিবি সভাপতি সংবাদমাধ্যমে জানিয়ে দেন সাকিব দক্ষিণ আফ্রিকায় টেস্টেও খেলবেন। তবে সাকিব নিজে থেকে এ নিয়ে কিছু বলেননি। তাই কি ঘটে তা নিয়ে জল্পনা ছিলই। বিসিবির দল ঘোষণার মধ্য দিয়ে সব অবসান হলো।
দলে চমক হয়ে এসেছেন খালেদ আহমেদ। টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটেই রয়েছেন দেশের হয়ে ৩ টেস্ট খেলা এই পেসার। ওয়ানডে দলে ডাক পেলেন তিনি এই প্রথম।
১৮ সদস্যের টেস্ট দলে সাকিব ছাড়াও ফিরেছেন তামিম ইকবাল। সবশেষ নিউজিল্যান্ড সিরিজের দল থেকে বাদ পড়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম ও ফজলে মাহমুদ রাব্বি। তামিম চোটের কারণে নিউজিল্যান্ড সফরে ছিলেন না। সাকিব ছিলেন ছুটিতে।
ওয়ানডের জন্য আফগানিস্তানের বিপক্ষে সিরিজের সবশেষ দলের সবাইকে রাখা হয়েছে। শুধু যোগ করা হয়েছে খালেদকে।
১২ মার্চ দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের ওয়ানডেগুলো হবে ১৮, ২০ ও ২৩ মার্চ। প্রথম টেস্ট ৩১ মার্চ থেকে, দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ এপ্রিল থেকে।
ওয়ানডে স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদুল হাসান জয় ও সৈয়দ খালেদ আহমেদ।
টেস্ট স্কোয়াড
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহী, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম ও নুরুল হাসান সোহান।