সাধারণ পরিষদে রাশিয়ার নিন্দায় ১৪১ দেশ

ইউক্রেনে রাশিয়ার অভিযানের নিন্দা জানিয়ে আনা এক প্রস্তাব অনুমোদন করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। গত বুধবার এক ঐতিহাসিক ভোটে প্রস্তাবের পক্ষে ১৪১, বিপক্ষে রাশিয়াসহ ৫ ও ৩৫টি দেশ ভোটদানে বিরত থাকে। এ প্রস্তাবে মস্কোকে যুদ্ধ থামাতে এবং ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সাধারণ পরিষদে পাস হওয়া প্রস্তাব মেনে চলতে রাশিয়া আইনিভাবে বাধ্য নয়। তবে এ প্রস্তাবের উদ্দেশ্য হলো বিশ্ব সংস্থায় কূটনৈতিকভাবে দেশটিকে আরও বেশি বিচ্ছিন্ন করে ফেলা। গত সপ্তাহে নিরাপত্তা পরিষদে একই ধরনের একটি রেজ্যুলেশনে ভেটো ক্ষমতার অধিকারী রাশিয়া বিপক্ষে ভোট দিলে তা নাকচ হয়ে যায়। পরে নিরাপত্তা পরিষদ থেকে এটি সাধারণ পরিষদে পাঠানো হয়।

গত ৪০ বছরের মধ্যে প্রথমবারের মতো নিরাপত্তা পরিষদ থেকে আলোচনার জন্য একটি সমস্যা সাধারণ পরিষদে পাঠানো হয়। সবশেষ ১৯৮২ সালে নিরাপত্তা কাউন্সিল সাধারণ পরিষদের জরুরি অধিবেশন আহ্বান করেছিল।

সাধারণ পরিষদে পাস হওয়া প্রস্তাবে রাশিয়ার ইউক্রেনের বিরুদ্ধে ‘আগ্রাসনের’ নিন্দা জানানো হয়। এর বিপক্ষে ভোট দেয় রাশিয়া, বেলারুশ, ইরিত্রিয়া, উত্তর কোরিয়া ও সিরিয়া। চীন, ভারত, বাংলাদেশসহ ৩৫টি সদস্য দেশ ভোটদানে বিরত থাকে।