শততম টেস্ট খেলতে নেমে নতুন মাইলফলকে কোহলি

শততম টেস্ট খেলতে নামার পাশাপাশি নতুন এক মাইলফলকেও পা রাখলেন বিরাট কোহলি। টেস্টে ৮ হাজার রানের মালিকদের অভিজাত ক্লাবে নাম লেখালেন ভারতের সাবেক অধিনায়ক।

৭৯৬২ রান নিয়ে মোহালিতে শ্রীলঙ্কার বিপক্ষে নিজের শততম টেস্টে ব্যাটিংয়ে নামেন কোহলি। ফিফটি থেকে ৫ রান দূরে থাকতে স্পিনার লাসিথ এম্বুলদেনিয়ার বলে বোল্ড হন তিনি। ৩৩ বছর বয়সী ডানহাতি ব্যাটারের ৭৬ বলে ৪৫ রানের ইনিংসটি সাজানো ছিল ৫ চারে।

শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু করেছে ভারত। মোহালিতে টস জিতে প্রথম ইনিংস শুরু করে প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেটে করেছে ১৯২ রান। ব্যাটিংয়ে আছেন উইকেটরক্ষক ঋষভ পন্ত (১১) ও শ্রেয়াস আয়ার।

দলীয় ১৭০ রানে সাজঘরে ফেরেন কোহলি। এই টেস্ট দিয়ে লাল বলের ক্রিকেটে শততম ম্যাচে পা রাখলেন তিনি।

ভারতীয়দের মধ্যে টেস্টে সবচেয়ে কম ১৫৪ ইনিংস খেলে ৮ হাজার রানের মাইলফলকে পা রাখেন শচীন টেন্ডুলকার। এরপরের স্থানে রাহুল দ্রাবিড় (১৫৭ ইনিংস), বীরেন্দ্র শেওয়াগ (১৬০ ইনিংস), সুনীল গাভাস্কার (১৬৬ ইনিংস)। পাঁচে থাকা কোহলির লাগল ১৬৯ ইনিংস। ছয়ে থাকা ভিভিএস লক্ষণের লেগেছিল ২০১ ইনিংস।