বাংলাদেশি ২৮ নাবিককে রোমানিয়ায় নেয়ার প্রক্রিয়া চলছে: পররাষ্ট্রসচিব

ইউক্রেনের অলভিয়া বন্দরে হামলার শিকার বাংলাদেশি জাহাজের ২৮ নাবিক ও এক নাবিকের মরদেহক রোমানিয়ায় নেয়ার প্রক্রিয়া চলছে।

শুক্রবার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন গণমাধ্যমকে এ কথা বলেন।

বৃহস্পতিবার রাতে (বাংলাদেশ সময়) জাহাজটি থেকে নাবিকদের ইউক্রেনের অলভিয়া বন্দরের কাছে নিরাপদ একটি স্থানে স্থানান্তর করা হয়। সেখান থেকে ইউক্রেনের পাশের দেশ পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে সবাইকে নেওয়ার কথা ছিল।

গত বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টার দিকে ইউক্রেনের অলভিয়া বন্দর জলসীমায় নোঙর করে রাখা এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে জাহাজের তৃতীয় প্রকৌশলী মো. হাদিসুর রহমান নিহত হন।

হামলার পর জাহাজ থেকে ভিডিও বার্তায় বাচার আকুতি জানাচ্ছিলেন নাবিকেরা। বাংলাদেশি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় এবং নাবিকদের উদ্ধারে সরকারের একাধিক মন্ত্রণালয় বৈঠক করে।